ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার-শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০১ ২০:৪৬:৩৯
গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার-শিক্ষামন্ত্রী গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার-শিক্ষামন্ত্রী
 

নিজস্ব প্রতিবেদক
দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি টেক্সটাইল বা বস্ত্র খাতকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে গবেষণা, উদ্ভাবন এবং কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


তিনি বলেছেন, বাংলাদেশকে বিশ্বমানের পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে শীর্ষস্থানে ধরে রাখতে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী ও গবেষক তৈরির কোনো বিকল্প নেই।


বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এর নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, বুটেক্স কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এখান থেকেই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হচ্ছে। তিনি গর্বের সাথে উল্লেখ করেন যে, চলতি বছর বুটেক্সের প্রায় ২০ জন শিক্ষার্থী বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এ সময় তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, এ প্রতিষ্ঠানে ভর্তি হওয়া মানেই দেশের আগামীর নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা।


ড. মিলন বলেন, টেক্সটাইল প্রকৌশল একটি বিজ্ঞানভিত্তিক ক্ষেত্র। তাই সময়ের প্রয়োজনে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত ল্যাবসহ আধুনিক গবেষণাগার স্থাপন করা হবে। গবেষণার মানোন্নয়নে সরকার অধিকতর বাজেট বরাদ্দ দেবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।


প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, “অতীতে টেক্সটাইল শিল্পে বিদেশি নাগরিকদের ওপর নির্ভরতা থাকলেও, এখন আমাদের নিজস্ব মেধাবী প্রকৌশলীদের ওপরই আস্থা রাখতে হবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরাই দেশীয় শিল্প পরিচালনা করবে।”


শিক্ষা ব্যবস্থায় সময় বাঁচাতে সেশনজট নিরসনের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষা জীবন যেন নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এছাড়া ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়ানো হয়েছে এবং ২০২৮ সালের মধ্যে নতুন জাতীয় শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়িত হবে।


বিশ্ববাজারে টেক্সটাইল প্রকৌশলীর চাহিদা মেটাতে বুটেক্সের আসন সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানান মন্ত্রী। পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা জমির আবেদনের বিষয়টি সরকার ইতিবাচকভাবে দেখছে বলেও তিনি আশ্বস্ত করেন।


টেক্সটাইল প্রকৌশলীদের জন্য পৃথক বিসিএস ক্যাডার গঠনের দাবির প্রেক্ষিতে ড. মিলন বলেন, দাবিটি অত্যন্ত যৌক্তিক। এটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ