রাজস্থলীতে উন্নয়ন প্রকল্প ও সরকারি সেবার অগ্রগতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, সেবার মানোন্নয়নে দিলেন দিকনির্দেশনা
রাজস্থলীতে উন্নয়ন প্রকল্প ও সরকারি সেবার অগ্রগতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, সেবার মানোন্নয়নে দিলেন দিকনির্দেশনা
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:
চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন রোববার (২৮ জুন) রাঙামাটির রাজস্থলী উপজেলা সফরকালে বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প, দপ্তর ও সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তিনি সরকারি সেবার মান বৃদ্ধি, উন্নয়ন কর্মকাণ্ডের গতি ত্বরান্বিত করা এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও কার্যকর ও জনমুখী করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সফরের শুরুতে রাজস্থলী থানার চৌকস পুলিশ সদস্যরা বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার প্রদান করেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে বরণ করে নেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর হোসেন, রাজস্থলী থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা। বিভাগীয় কমিশনার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং বিদ্যমান সমস্যা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। তিনি সংশ্লিষ্টদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং যৌক্তিক সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান ও বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রমও পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
সফরের শেষ পর্যায়ে উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা দেন বিভাগীয় কমিশনার। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, বিভাগীয় কমিশনারের এ সফর উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স