ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নামাজরত অবস্থায় ভাইকে কুপিয়ে হত্যা: ৩ দিনেও গ্রেফতার নেই, কাজিরহাট থানা ঘেরাওয়ের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৬ ১৮:১৫:০৬
নামাজরত অবস্থায় ভাইকে কুপিয়ে হত্যা: ৩ দিনেও গ্রেফতার নেই, কাজিরহাট থানা ঘেরাওয়ের আলটিমেটাম নামাজরত অবস্থায় ভাইকে কুপিয়ে হত্যা: ৩ দিনেও গ্রেফতার নেই, কাজিরহাট থানা ঘেরাওয়ের আলটিমেটাম
বিশেষ প্রতিনিধি,

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত অবস্থায় আপন ছোট ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার তিন দিন অতিবাহিত হলেও মূল ঘাতক বড় ভাই হারুনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর প্রতিবাদে এবং খুনিকে দ্রুত গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। গত ২৪ জুন (বুধবার) আসর নামাজ শেষে মসজিদের মুসল্লি ও স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে—আগামী শুক্রবারের মধ্যে ঘাতক হারুনকে গ্রেফতার করা না হলে কাজিরহাট থানা ঘেরাও করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১ নং আন্দারমানিক ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আপন দুই ভাই হারুন ও নজরুলের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত ২১ জুন (রবিবার) জোহরের নামাজ আদায় করতে ছোট ভাই নজরুল ইসলাম স্থানীয় মসজিদে যান। নামাজে সেজদারত বা রুকু অবস্থায় থাকা অবস্থায় পূর্বপরিকল্পিতভাবে বড় ভাই হারুন ধারালো অস্ত্র নিয়ে মসজিদের ভেতর প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই সে নজরুলকে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়। আল্লাহর ঘরে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চরম চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের ৩ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে আইনের আওতায় আনতে না পারায় বুধবার বিকেলে নিহতের আত্মার মাগফিরাত ও বিচারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন মসজিদের মতো পবিত্র জায়গায় যে ব্যক্তি নিজের ভাইকে এভাবে হত্যা করতে পারে, সে সমাজের জন্য এক বড় কলঙ্ক। তিন দিন হয়ে গেল অথচ পুলিশ এখনো তাকে ধরতে পারল না, এটা মানা যায় না। আগামী শুক্রবারের মধ্যে খুনি হারুন গ্রেফতার না হলে আমরা পুরো কাজিরহাট থানা ঘেরাও করতে বাধ্য হব। মানববন্ধনে অংশ নেওয়া মুসল্লি ও এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং খুনিকে দ্রুত আইনের আওতায় আনতে স্থানীয় সংসদ সদস্য এবং মাননীয় নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসানের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন। এদিকে ঘটনার পর থেকে নিহত নজরুলের পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। ঘাতক হারুন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং যেকোনো সময় পরিবারের অন্যান্য সদস্যদের ওপরও হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় দিন কাটছে তাদের। এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এই বিষয়ে কাজিরহাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ