দ্রুত বাইপাস সড়কের নির্মাণ কাজ শুরুর দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন
দ্রুত বাইপাস সড়কের নির্মাণ কাজ শুরুর দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পৌর শহরের তীব্র যানজট নিরসনে একনেক কর্তৃক অনুমোদিত বিকল্প বাইপাস সড়ক নির্মাণের কাজ দ্রুত শুরুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পৌর শহরের চৌরাস্তা মোড়ে ‘উলিপুরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তীব্র তাপদাহ উপেক্ষা করে অনুষ্ঠিত এই মানববন্ধনে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নেন।
আধা কিলোমিটারব্যাপী এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারাও। বক্তারা বলেন, যানজট নিরসনে পৌরসভার হেলিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত ৩ দশমিক ২ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের জন্য একনেক ৬৮ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। তবে আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘদিন ধরে দরপত্র আহ্বান না করায় প্রকল্পের কাজ থমকে আছে। শহরের প্রধান সড়কে সারাক্ষণ যানজট লেগে থাকায় জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। এমনকি সম্প্রতি যানজটে আটকে থেকে অ্যাম্বুলেন্সেই এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানান তারা। কুড়িগ্রাম থেকে চিলমারী বন্দর ও মাওলানা ভাসানী সেতুর সঙ্গে দ্রুত যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়কটি। কিন্তু সরু সড়কের কারণে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত বাইপাসটি নির্মাণ করা হলে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তারিক আবুল আলা চৌধুরী। তিনি অভিযোগ করেন, কুড়িগ্রাম সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অবহেলার কারণে প্রকল্পের কাজ শুরু হচ্ছে না। বরাদ্দ থাকা সত্ত্বেও কাজ শুরু না হলে উলিপুরের মানুষ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উলিপুর উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ হায়দার আলী মিঞা, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, উলিপুর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ কামাল কবির লিটন, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইকবাল হোসেন চাঁন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোঃ নিজাম উদ্দিন আহমেদ মুঠোফোনে জানান, উলিপুর বাইপাস নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে দরপত্রসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করার চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স