আর্জেন্টিনা সমর্থকের ছবিতে AI দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে পোস্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
আর্জেন্টিনা সমর্থকের ছবিতে AI দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে পোস্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ইসরাত জেরিন, রাজশাহী কলেজ প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন আর্জেন্টিনা সমর্থকের ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ব্রাজিল জাতীয় ফুটবল দলের জার্সি পরিয়ে পোস্ট করার ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী কলেজে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ব্যক্তিগত পরিচয় ও ফুটবলীয় আবেগের ওপর আঘাত হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট সমর্থক।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টায় রাজশাহী কলেজের পদ্মপুকুরের সামনে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাজশাহী কলেজ আর্জেন্টিনা ফানাটিক্সের দপ্তর সম্পাদক সারোয়ার আলম সাফি। লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একজন নিবেদিতপ্রাণ সমর্থক। সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের ছবি সংগ্রহ করে AI প্রযুক্তির মাধ্যমে ব্রাজিল দলের জার্সি পরানো একটি সম্পাদিত ছবি তৈরি করা হয়। পরে খালিদ সরকার নামের একটি ফেসবুক আইডি থেকে ‘Rajshahi College Brazil Fans Club (RCBFC)’ গ্রুপে ছবিটি প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সারোয়ার আলম সাফি বলেন, আমি একজন গর্বিত আর্জেন্টিনা সমর্থক। আমার অনুমতি ছাড়া আমার ছবি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এটি শুধু একটি ছবি বিকৃতির ঘটনা নয়, বরং আমার ব্যক্তিগত অনুভূতি, পরিচয় ও ফুটবলীয় বিশ্বাসের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, একজন আর্জেন্টিনা সমর্থকের ছবিতে ব্রাজিলের জার্সি পরানোর মতো কাজ কেন করা হলো, কারা এর সঙ্গে জড়িত এবং এটি করার আগে আমার কোনো মতামত নেওয়া হয়েছিল কি না, এসব বিষয় তদন্ত করে জনসম্মুখে আনার দাবি জানাই। প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট তৈরি হতে পারে, যা ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন গোষ্ঠীর জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে।
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এ সময় রাজশাহী কলেজ আর্জেন্টিনা ফানাটিক্সের সভাপতি মোঃ যুবাইর রশীদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স