গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রোপোজাল রাইটিং বিষয়ক সেমিনার
গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রোপোজাল রাইটিং বিষয়ক সেমিনার
খুকৃিবি প্রতিনিধি
মোঃ রাজিবুল হোসেন তানিম শিক্ষা ও গবেষণার গুণগত মান উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) “সেমিনার অন প্রোপোজাল রাইটিং” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC)-এর উদ্যোগে আয়োজিত এ সেমিনারটি গবেষণা কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার উদ্দেশ্যে পরিচালিত নিয়মিত কর্মসূচির অংশ। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুকৃবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক এবং কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম। সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষক ও গবেষকদের উদ্দেশ্যে বক্তারা একটি কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা প্রস্তাবনা (Proposal) প্রণয়নের বিভিন্ন দিক, গবেষণা পরিকল্পনা, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং সম্ভাব্য অর্থায়নের উৎস চিহ্নিত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়নে দক্ষ গবেষক তৈরির কোনো বিকল্প নেই। একটি সুসংগঠিত ও মানসম্মত গবেষণা প্রস্তাবনা গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তুলতে এ ধরনের একাডেমিক সেমিনার ও প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মোঃ জহুরুল ইসলাম বলেন, আইকিউএসি’র এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণা দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে খুকৃবিতে গবেষণার সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষা ও গবেষণার সামগ্রিক মান উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে।
সেমিনারটি অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও মতবিনিময়ের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স