ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-১৮ ১২:৪৪:৪৮
কেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার কেন্দুয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের দাউকি গ্রামের পেছনের মরাপুড়ি ডোবা থেকে আশরাফুল (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৫টার দিকে স্থানীয়রা মরাপুড়ি ডোবায় মরদেহটি ভাসতে দেখে কেন্দুয়া থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত আশরাফুলের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বাউচাপুর গ্রামে। তার পিতার নাম মো. ইনচান মিয়া। দীর্ঘদিন ধরে তিনি কেন্দুয়া উপজেলার ডাউকি গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন। তার মামার নাম মো. ইদ্দু মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাছ ধরার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল এবং প্রায়ই বড়শি নিয়ে বিভিন্ন স্থানে মাছ ধরতে যেতেন। স্থানীয় ইউপি সদস্য হাশেম মিয়া ও নিহতের মামা ইদ্দু মিয়া জানান, বুধবার রাতেও আশরাফুল বড়শি নিয়ে মাছ ধরতে বের হন। পরে সকালে স্থানীয়রা ডোবায় তার মরদেহ দেখতে পায়।

ঘটনাস্থলে উপস্থিত কেন্দুয়া থানার এসআই ফজলুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতে আশরাফুলের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মাছ ধরার বড়শিসহ প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ