আবারও হিলিতে পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টায় থাকছে না বিদ্যুত
আবারও হিলিতে পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টায় থাকছে না বিদ্যুত
দিনাজপুর (হিলি) প্রতিনিধি:
মোঃ সাকিব দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি অঞ্চলে আবারও শুরু হয়েছে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট। তীব্র গরম ও দৈনন্দিন ব্যস্ততার মধ্যে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও শ্রমজীবী জনগণ।
এলাকাবাসীর অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দিনের বিভিন্ন সময় এবং গভীর রাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন কয়েকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে ঘরোয়া কাজকর্ম থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। এলাকাবাসীর দাবি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দীর্ঘদিন ধরে চলমান এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
সচেতন নাগরিকরা মনে করেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ব্যক্তিগতভাবে অভিযোগ করে কোনো সুফল না পাওয়ায় এখন সম্মিলিতভাবে আওয়াজ তোলার সময় এসেছে। হিলির সর্বস্তরের মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
এলাকাবাসীর একটাই দাবি— "হাকিমপুর হিলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই।" জনস্বার্থে এই দাবিকে জোরালো করতে সকল নাগরিক, সামাজিক সংগঠন, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সচেতন মহলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
জনগণের করের টাকায় পরিচালিত সেবা প্রতিষ্ঠান থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া কোনো অনুগ্রহ নয়, বরং এটি জনগণের মৌলিক অধিকার ও ন্যায্য প্রত্যাশা। স্লোগান: "ঘন ঘন লোডশেডিং আর নয়, হিলিবাসীর অধিকার নিশ্চিত হোক। একটাই দাবি, একটাই কথা— হাকিমপুর হিলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই!"
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স