কলমাকান্দায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৩
আপডেট সময় :
২০২৬-০৬-১২ ১৭:৫৫:৪৩
কলমাকান্দায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৩
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) রাত পৌনে ১১টার দিকে উপজেলার গুতুরা কবরস্থান সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম (২৮) উপজেলার ছোট শৌলজান গ্রামের নওয়াব আলীর ছেলে।
আহতরা হলেন-মধ্যবাজার এলাকার প্রয়াত লাল মিয়ার ছেলে হাজী রফিকুল ইসলাম (৬০), চানপুর গ্রামের রাকেশ তালুকদারের ছেলে শান্ত শংকর (৩৮) এবং বাসাউড়া গ্রামের গোপাল সাহার ছেলে অন্তর সাহা (২৭)। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কলমাকান্দা থানার এসআই ফেরদৌস আলম জানান, নেত্রকোণার রাজুর বাজার এলাকা থেকে চার যাত্রী নিয়ে একটি অটোরিকশা কলমাকান্দা বাজারের দিকে যাচ্ছিল।
পথে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে উল্টে যায়। এতে চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল সরকার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স