পঞ্চগড় সীমান্তে ১০ জন অবরুদ্ধ, ৩৬ ঘণ্টা ধরে খোলা আকাশের নিচে
পঞ্চগড় সীমান্তে ১০ জন অবরুদ্ধ, ৩৬ ঘণ্টা ধরে খোলা আকাশের নিচে
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পুশইন চেষ্টার মুখে নারী ও শিশুসহ ১০ জন ব্যক্তি টানা ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে খোলা আকাশের নিচে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
দীর্ঘ সময় ধরে চরম অনিশ্চয়তা, বৈরী আবহাওয়া ও মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, অবরুদ্ধদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। তারা বর্তমানে সীমান্তসংলগ্ন একটি জলমগ্ন কৃষিজমিতে অবস্থান করছেন। কোনো ধরনের আশ্রয় বা প্রয়োজনীয় সহায়তা ছাড়াই তাদের খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে।
জানা গেছে, গত শুক্রবার (৫ জুন) ভোররাতে বিএসএফ ওই ১০ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থান নিয়ে এর তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলে। বিজিবির অনড় অবস্থানের কারণে তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। পরে তারা সীমান্তের শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরে আটকা পড়ে।
এলাকাবাসীর দাবি, শুক্রবার রাতে সীমান্ত এলাকায় মুষলধারে বৃষ্টি হলেও অবরুদ্ধ নারী, পুরুষ ও শিশুরা কোনো ধরনের আশ্রয় পায়নি। কাদাপানিতে ভেজা মাঠেই তাদের রাত কাটাতে হয়েছে। ফলে অনাহার, ঠাণ্ডা ও অসুস্থতার ঝুঁকিতে সবচেয়ে বেশি ভুগছে শিশুরা।
এদিকে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি ওই এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সংকট নিরসনে কোনো চূড়ান্ত সমাধান বা দ্বিপাক্ষিক সমঝোতা হয়নি। ফলে অবরুদ্ধ এসব মানুষের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম বলেন, “শুক্রবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে। আমরাও স্পষ্টভাবে জানিয়েছি, অবৈধভাবে পুশইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আজ আবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।”
সীমান্তে আটকে পড়া নারী ও শিশুদের মানবিক পরিস্থিতি দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স