বগুড়ায় হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বগুড়ায় হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :
বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত হোটেল সেঞ্চুরি থেকে বিপুল চন্দ্র পাল (৪৮) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে হোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা এবং দুইবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপুল চন্দ্র পাল হোটেল সেঞ্চুরির একটি কক্ষ ভাড়া নেন রাত্রিযাপন করার জন্য। শনিবার নির্ধারিত চেকআউটের সময় পেরিয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ খোঁজ নিতে যায়। এ সময় কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পাওয়া গেলে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
হোটেলের রিসিপশনে দায়িত্বরত কর্মচারী মো. এনামুল হক বলেন, রাত্রিযাপনের জন্য তিনি কক্ষটি নিয়েছিলেন। দুপুরে চেক আউটের সময় পার হয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দীন বলেন, ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। কক্ষ থেকে একটি যৌন উত্তেজক ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আব্দুল মোমিন/আরএআর
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স