ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​২৬ মামলার আসামি থেকে আন্দোলনের সামনের সারির কর্মী—সাময়িক বরখাস্তে নতুন বিতর্কে গোলাম কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৬ ১২:১০:৩৭
​২৬ মামলার আসামি থেকে আন্দোলনের সামনের সারির কর্মী—সাময়িক বরখাস্তে নতুন বিতর্কে গোলাম কিবরিয়া ​২৬ মামলার আসামি থেকে আন্দোলনের সামনের সারির কর্মী—সাময়িক বরখাস্তে নতুন বিতর্কে গোলাম কিবরিয়া
স্টাফ রিপোর্টার 

ঢাকা: আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক মামলায় গ্রেপ্তার, কারাভোগ, চাকরিচ্যুতি ও দীর্ঘদিন আত্মগোপনে থাকার অভিজ্ঞতা পেরিয়ে আসা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কিবরিয়া এবার সাময়িক বরখাস্তের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার অভিযোগে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মোট ২৬টি মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলার মধ্যে ২০১৮ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তার হয়ে তিনি চার মাস ছয় দিন কারাভোগ করেন। ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে শ্যামপুর, ওয়ারী, যাত্রাবাড়ী, পল্টন, শাহবাগ ও রমনা থানায় তার বিরুদ্ধে মামলাগুলো দায়ের হয়।
শুধু গোলাম কিবরিয়াই নন, তার পরিবারের সদস্যরাও মামলার মুখোমুখি হন। তার সেজ ভাইয়ের বিরুদ্ধে ২৯টি এবং বাবার বিরুদ্ধে দুটি মামলা ছিল বলে জানা গেছে। পরিবারটির একাধিক সদস্য বিভিন্ন সময়ে কারাভোগও করেছেন।

সহকর্মী ও ঘনিষ্ঠজনদের দাবি, সরকারি চাকরিতে থাকা অবস্থায়ও তিনি বিরোধী রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং সাম্প্রতিক জুলাই আন্দোলনেও ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন।
এদিকে সম্প্রতি জারি করা এক আদেশে ডিএসসিসি কর্তৃপক্ষ গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করে সদর দপ্তরে সংযুক্ত করেছে। আদেশে উল্লেখ করা হয়, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে টেন্ডার কার্যক্রম নিয়ন্ত্রণ, বিভিন্ন মার্কেটের দোকান বরাদ্দ ও পরিচালনায় অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের জন্য একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সংশ্লিষ্টদের একটি অংশের দাবি, বরখাস্তের আদেশে কোনো নির্দিষ্ট অভিযোগ, ঘটনার বিবরণ বা অভিযোগকারীর নাম উল্লেখ করা হয়নি। এ কারণে বিষয়টি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা আলোচনা চলছে।
ডিএসসিসির একাধিক সূত্রের ভাষ্য, সংস্থাটির অভ্যন্তরে বর্তমানে প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে প্রতিযোগিতা চলছে। তাদের অভিযোগ, অতীতে প্রভাবশালী অবস্থানে থাকা কিছু কর্মকর্তা নিজেদের অবস্থান সুসংহত করতে সমালোচনামুখর কর্মকর্তাদের কোণঠাসা করার চেষ্টা করছেন। অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকে সাময়িক বরখাস্ত করার ঘটনাকে তারা সেই প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যোগাযোগ করা হলে গোলাম কিবরিয়া বলেন, “যেহেতু আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং তদন্ত চলছে, তাই এ মুহূর্তে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।”
এদিকে তদন্তের ফলাফল প্রকাশের আগ পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ