নবীগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন
নবীগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন
নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দত্তগ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহায়তার জন্য প্রণীত কৃষক তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন।
আবেদনে কৃষকরা উল্লেখ করেন, গত বোরো মৌসুমে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে তাদের ব্যাপক ফসলহানি হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক নির্দেশনা দেওয়া হলে উপজেলা কৃষি অফিসের নির্দেশ অনুযায়ী তারা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর জমা দেন। কিন্তু পরবর্তীতে প্রকাশিত তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে অনেক অ-কৃষক ও অযোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, কৃষি অফিসের এক কর্মী ও স্থানীয় কিছু লোকের মাধ্যমে তদন্ত কমিটির নামে মনগড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষক সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
গত বৃহস্পতিবার দত্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষক সমবেত হয়ে এ অনিয়মের প্রতিবাদ জানান এবং সুষ্ঠু তদন্তের দাবি তোলেন। এ সময় উপস্থিত ছিলেন গীত্রা দাস, নারু দাস, গোপাল দাস, নারায়ণ পুরকায়স্থ, শাহেদ আলী, জনাব আলী, জহুর আলী, নিখিল গোপাল, বাদল, হরিচরণ, রুহুল আমিন, ফুরবান বেগম, কামাল, বারফুল বেগম, মুসাব্বির মিয়া, আব্দুস সামি, বুলবুল, আবু তাহের, সুধীর সরকার, সুনীল সরকার, জাহির মিয়া, নজির মিয়া, ফয়সাল, তৈয়ব আলী, আব্দুল আলিম, মুজাহিদসহ আরও অনেকে।
অভিযোগে বলা হয়, দত্তগ্রামের ৪৫ জনের একটি ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হয়েছে। কিন্তু ওই তালিকার অন্তত ৩৫ জন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক নন। বাকি কয়েকজনের মধ্যে কেউ কেউ বন্যার আগেই তাদের ফসল ঘরে তুলেছিলেন। ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে ‘ভুয়া’ তালিকা প্রস্তুত করা হয়েছে বলে দাবি করেন তারা।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মাঠকর্মী ও তদন্ত কমিটির মাধ্যমে যাদের নাম প্রস্তাব করা হয়েছে, তাদের নামই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তথ্যগত ভুলের কারণে একজন-দুজন বাদ পড়ে থাকতে পারেন। তবে প্রকৃত ক্ষতিগ্রস্ত কেউ বাদ পড়ে থাকলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে নতুন তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তির কারণে প্রকৃত কৃষকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স