মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করে নিষিদ্ধ চাক ও চায়না দুয়ারী জাল বিক্রির দায়ে ৩ ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত । একই সাথে অভিযানকালে জব্দকৃত আনুমানিক প্রায় দুই লক্ষ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ বুধবার দুপুরে বালুর মাঠে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ জাল বিক্রির দায়ে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য আইন অনুযায়ী প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সাথে উদ্ধারকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ রানা (৩০), একই গ্রামের আবদুল খালেকের ছেলে মুছা মিয়া (৪০) এবং দক্ষিণ মিঠাখালী গ্রামের হোসেন মুন্সির ছেলে আইয়ুব মুন্সি (৩৫)।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। অভিযান পরিচালনাকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, ইলিশসহ দেশের অন্যান্য মৎস্য সম্পদ রক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে মৎস্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। প্রাকৃতিক মৎস্য প্রজনন ও জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ জালের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।