নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীর কারাদণ্ড
নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীর কারাদণ্ড
তৌহিদুল ইসলাম সরকার
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারুইগ্রাম চৌরাস্তা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে অবৈধ জাল মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারাও অংশ নেন।
অভিযান চলাকালে বাজারের দুটি গুদাম ও একটি দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। তদন্তে জালগুলো বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত মোশাররফ হোসেন ও ইমরান নামে দুই ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া রতন মিয়া নামে আরেক ব্যবসায়ীকে নিষিদ্ধ জাল বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল এবং ৪ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, জলজ সম্পদ সংরক্ষণ এবং অবৈধ মাছ শিকার রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে। স্থানীয় বাসিন্দারাও উপজেলার অন্যান্য বাজারে একই ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স