সান্তাহার প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য রুবি জয়ন্তী উদযাপন
সান্তাহার প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য রুবি জয়ন্তী উদযাপন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-
পশ্চিম বগুড়ার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন সান্তাহার প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে রুবি জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় সান্তাহার মুক্তিযোদ্ধা চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। এরপর সান্তাহার প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
সান্তাহার প্রেসক্লাবের সভাপতি এ.এইচ.এম. খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া এবং সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সান্তাহার প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্শেদ, ডা. হামিদুর হক রানা, আব্দুল জলিল, এম.এফ. সিদ্দিকী গুড্ডু এহসান এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ খায়রুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, “সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ থেকে সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোনো রাজনৈতিক পক্ষপাত নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থানই সাংবাদিকতার মূল শক্তি। সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে হবে সাহসিকতার সঙ্গে।
বর্তমানে কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া বিভিন্ন তথ্য প্রচার করছেন, যা প্রকৃত সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ধরনের অপসাংবাদিকতার বিরুদ্ধে সচেতন থাকতে হবে। আমি বিশ্বাস করি, সান্তাহার প্রেসক্লাব তার ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রেখে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে সরকারি, বেসরকারি ও আধা-সরকারি মিলিয়ে প্রায় ২২টি সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। পরে বিহঙ্গ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
এ সময় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স