নেত্রকোনায় বিয়ের অনুষ্ঠানে গান বাজানো নিয়ে সংঘর্ষ, যুবক নিহত
নেত্রকোনায় বিয়ের অনুষ্ঠানে গান বাজানো নিয়ে সংঘর্ষ, যুবক নিহত
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা সদর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফয়সাল মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (১ জুন) রাত পৌনে ১২টার দিকে উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনিকোণা গ্রামের সংসদ বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।নিহত ফয়সাল মিয়া বামনিকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
আহতরা হলেন- রবিন (১৮), সৌরভ (১৮) ও সাদেকুল ইসলাম (৪২)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বামনিকোণা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে শাবানার বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো এবং ভিডিও ধারণকে কেন্দ্র করে ফয়সালের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিয়েবাড়ির লোকজন তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দেন।
তবে কিছুক্ষণ পর কয়েকজন তরুণ লাঠিসোঁটা নিয়ে ফয়সালের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলার সময় তাকে বৈদ্যুতিক শকও দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ফয়সাল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স