ইসলামী ব্যাংকের সাথে জামায়াতের সাংগঠনিক সম্পর্ক নেই, সম্পর্ক ঈমান-আকিদার
ইসলামী ব্যাংকের সাথে জামায়াতের সাংগঠনিক সম্পর্ক নেই, সম্পর্ক ঈমান-আকিদার
বদরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক ঈমান ও আকিদার।”
সোমবার (১ জুন) বিকেলে বদরগঞ্জে মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “এ দেশের মানুষ সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী ব্যাংকের সঙ্গে আমাদের সম্পর্ক সেই আদর্শিক ও বিশ্বাসগত জায়গা থেকে। আমি নিজেও ইসলামী ব্যাংকে আমানত রেখেছি, কারণ আমি সুদমুক্ত অর্থনীতিতে বিশ্বাস করি।”
ইসলামী ব্যাংক থেকে অর্থ পাচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বিগত সরকারের আমলে ইসলামী ব্যাংক থেকে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে। এখনো সেই অপচেষ্টা অব্যাহত রয়েছে। তবে ব্যাংকের গ্রাহকরা তাদের আমানতের নিরাপত্তার প্রশ্নে সচেতন রয়েছেন এবং এমন কোনো অপচেষ্টা সফল হতে দেবেন না।”
সম্প্রতি ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, “গ্রাহকদের ন্যায্য দাবির প্রতি সম্মান দেখানো উচিত। তাদের ওপর বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, দেশে মাদক ও চাঁদাবাজির বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। সরকার চাইলে মাদক নিয়ন্ত্রণ করতে পারে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা কামরুজ্জামান কবির।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মেনহাজুল ইসলাম, নায়েবে আমীর শাহ মো. রোস্তম আলী, উপজেলা অফিস সেক্রেটারি আবু বক্কর, পৌর আমীর মাওলানা মাহফুজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা শাহিনুর ইসলাম, যুব বিভাগের সভাপতি মাসুদ হাসান রানা এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ।
১/৬/২৬
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স