কুড়িগ্রামের একদল মানবিক মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন চরবাসীর সঙ্গে
কুড়িগ্রামের একদল মানবিক মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন চরবাসীর সঙ্গে
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন চর কালির আলগা। সেখানে ঈদের আনন্দ অনেক সময়ই থেমে যায় অভাবের দেয়ালে। কোরবানির মাংসের ঘ্রাণও পৌঁছায় না বহু অসহায় পরিবারের ঘরে। এমন বাস্তবতায় কুড়িগ্রামের একদল মানবিক মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন চরবাসীর সঙ্গে।
‘ঈদের আনন্দ হোক সবার’ এই প্রত্যয়কে সামনে রেখে কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা চরে প্রায় দেড় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাংস পেয়ে আনন্দে আত্মহারা চরাঞ্চলের অসহায় পরিবারগুলো।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম বেবু, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রহিম উদ্দিন হায়দার রিপন, স্থানীয় ইউপি সদস্য মোঃ হোসেন আলী প্রমুখ।
কালির আলগা চরের মাংস নিতে আসা মোছাঃ আম্বিয়া বেগম বলেন, আমাদের চরে কেউ আইসে না। বয়লার মুরগি কিনে , ঈদের দিন সেই মাংস খাইসি সবাই। ভাবছিলাম গরুর মাংস আর খেতে পারবে না। আজ মাংস পেয়ে খুব ভালো হইছে, ছাওয়া পাওয়াকে এখন খাওয়াতে পারব।
কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম বেবু বলেন, চরের অনেক মানুষ ঈদের দিনেও কোরবানির মাংস খেতে পারেন না। তাদের মুখে একটু হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কোনো মানুষই ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকবে না।
কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ রহিম উদ্দিন হায়দার রিপন বলেন, নদীভাঙন আর দারিদ্র্যের কারণে চরের মানুষের জীবন অনেক কষ্টের। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে অসহায় মানুষ ঈদের আনন্দ অনুভব করতে পারছেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স