পারিবারিক কলহে ছেলের আঘাতে পিতার মৃত্যু, আটক ৩
পারিবারিক কলহে ছেলের আঘাতে পিতার মৃত্যু, আটক ৩
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জ পৌরসভার অনন্তপুর এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছেলের আঘাতে আব্দুস শহীদ নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে, তার মা ও বোনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে পারিবারিক একটি বিষয় নিয়ে আব্দুস শহীদের সঙ্গে তাঁর স্ত্রীর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তাঁদের ছেলে পর্থিক মিয়া সেখানে উপস্থিত হয়ে পিতাকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।
আঘাতপ্রাপ্ত আব্দুস শহীদ ঘটনাস্থলে পড়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে অভিযান চালায়। পরে অভিযুক্ত পর্থিক মিয়াসহ পরিবারের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে। অন্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স