আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় বেপরোয়া গতিতে মাইক্রোবাস চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) দুপুরে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর বাজার এলাকায় মেসার্স বি.আর.এম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রংপুরগামী একটি মাইক্রোবাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দুমড়েমুচড়ে পড়ে যায়। এতে মাইক্রোবাসের চালক মোঃ রাশেদুল ইসলাম ও সহকারী মোঃ মশিউর রহমান আহত হন। তারা উভয়েই রংপুর জেলার হারাগাছ উপজেলার বাসিন্দা এবং লাঙল বিড়ি কোম্পানির কর্মচারী।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রংপুর সদর হাসপাতালে পাঠান। এ সময় গাড়ির ভেতরে থাকা একটি বড় শপিং ব্যাগে রাখা প্রায় ৪ লাখ টাকা উদ্ধার করে নিরাপদে ফিলিং স্টেশনে জমা রাখা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক লাঙল বিড়ি কোম্পানির এক কর্মকর্তা জানান, গাড়ির ভেতরের ব্যাগে প্রায় চার লাখ টাকা ছিল। পরে কোম্পানির প্রতিনিধিরা এসে ফিলিং স্টেশনে বসে টাকা গণনা করে এবং মাইক্রোবাসসহ সবকিছু নিয়ে যান।
স্থানীয়দের ধারণা, বেপরোয়া গতি কিংবা চালকের অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।