নিজস্ব প্রতিবেদক:
অনেকে জুলাইকে ব্যর্থ বলতে চান, তাদের বলি। জুলাই হয়েছিল বলেই নৃশংসতায় নিহত শিশু রামিসার বাসায় গেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘ভুয়া’ বলা সম্ভব হয়েছে মানুষের জন্য। বুকে হাত দিয়ে বলুন তো, এটা যদি ফ্যাসিস্ট রেজিমের কামালকে বলা হতো, তাহলে সেখানে রীতিমতো নরক নেমে আসত কি না? সেই রেজিমে রামিসা হত্যাকাণ্ড ঘটলে গণভবনে রামিসার পরিবারকে ডেকে নিয়ে কুম্ভীরাশ্রু প্রদর্শনের মহড়া চলত। হাতে ধরিয়ে দেওয়া হতো সাহায্যের নামে ব্যাংক চেক।
তারপর নটে গাছটি মুড়াত। তাই তো? কিন্তু জুলাই পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী উল্টো রামিসার বাসায় গিয়েছেন। কোনো বাড়তি কিছু ছিল না, কুম্ভীরাশ্রু ছিল না চোখে, তবে প্রধানমন্ত্রীর কথায় ছিল বিচার নিশ্চিতের আশ্বাস এবং সেই আশ্বাসের মধ্যে কোনো ভণিতা ছিল না।
হ্যাঁ, বলতে পারেন অনেক কিছুই হয়নি, হচ্ছে না। কিন্তু অনেক কিছুই তো হচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তন যেটা, আমরা কথা বলতে পারছি। মানুষ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম তো বলছেই, গণমাধ্যমেও বাদ যাচ্ছে না। এই কথা বলা, এই প্রতিবাদই হলো জবাবদিহির ক্ষেত্র তৈরি করা। এর ফলেই প্রতিনিয়ত সরকারকে মুখোমুখি হতে হচ্ছে মানুষের। সরকার অনেক ক্ষেত্রে জবাব না দিলেও, তারা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং তা সম্ভব হচ্ছে জুলাইয়ের জন্যই। জুলাই বিপ্লবের জন্য।