ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রেণিকক্ষে শিক্ষকের পরিচয় শুধুই শিক্ষক হওয়া উচিত: ববি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৪ ১৯:৫১:৪৫
শ্রেণিকক্ষে শিক্ষকের পরিচয় শুধুই শিক্ষক হওয়া উচিত: ববি শ্রেণিকক্ষে শিক্ষকের পরিচয় শুধুই শিক্ষক হওয়া উচিত: ববি
নিজস্ব প্রতিবেদক:
পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের পেশাগত সততা ও নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, একজন শিক্ষকের ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয় যা-ই থাকুক না কেন, ক্যাম্পাসের শ্রেণিকক্ষে প্রবেশের পর তার একমাত্র পরিচয় হতে হবে ‘শিক্ষক’।

তিনি দায়িত্বের জায়গায় শিক্ষকদের শ্রেণিকক্ষে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ‘বায়াসড’ না হওয়ার আহ্বান জানান।

রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘ডিআরইউ ডিবেটিং ক্লাব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পেশাগত জায়গায় নিরপেক্ষতা বজায় রাখার গুরুত্ব বোঝাতে গিয়ে প্রতিমন্ত্রী নিজের দীর্ঘ শিক্ষকতা জীবনের এক অনন্য উদাহরণ টেনে ধরেন। ববি হাজ্জাজ বলেন, ‘আমি নিজে ১৭ বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। এর মধ্যে ১০ বছর সরাসরি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু এতো বছরের শিক্ষকতা জীবনে কোনোদিন কোনো ক্লাসরুমে আমার শিক্ষার্থীদের সামনে নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনা করিনি।’

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সমাজ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়াই ডিআরইউ ডিবেটিং ক্লাবের মূল লক্ষ্য।

এই ক্লাবের মাধ্যমে সাংবাদিকদের যৌক্তিক চিন্তার বিকাশ ও পেশাগত জড়তা কেটে যাবে, যা তাদের মাঠপর্যায়ে শাণিত প্রশ্ন করার সক্ষমতা তৈরি করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ও ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক মীর মোহাম্মদ জসিম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ