নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রোববার সকালে খননকৃত খালসংলগ্ন কৃষিজমিতে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপকূলীয় লবণাক্ত অঞ্চলে সীমিত আবাদি জমির ওপর নির্ভর করেই কৃষকরা জীবিকা নির্বাহ করেন। অথচ খাল খননের নামে নির্বিচারে ফসলি জমি কেটে নষ্ট করা হচ্ছে।
কৃষক নেতা জমির আলী বলেন, ১০ ফুটের খাল কাটতে গিয়ে ৪০ ফুট পর্যন্ত কৃষিজমি নষ্ট করা হচ্ছে। কৃষকদের শেষ সম্বল আবাদি জমিও রক্ষা পাচ্ছে না।
ভূপতি ঘোষ অভিযোগ করেন, কাজ শুরুর আগে স্থানীয় কৃষকদের সঙ্গে কোনো ধরনের মতবিনিময় করা হয়নি। মূল ঠিকাদার কখনো এলাকায় আসেননি বলেও দাবি করেন তিনি। স্থানীয়রা বারবার প্রকল্পের নকশা ও স্টিমেট দেখতে চাইলেও সংশ্লিষ্টরা তা দেখাতে রাজি হননি বলে অভিযোগ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা বিএডিসির সাথে কথা বলতে বলেন তিনি।