ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় আহত বিপন্ন প্রজাতির চিতা বিড়াল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২২ ১৬:১৬:২২
শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় আহত বিপন্ন প্রজাতির চিতা বিড়াল উদ্ধার শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় আহত বিপন্ন প্রজাতির চিতা বিড়াল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় আহত অবস্থায় একটি বিপন্ন বন্যপ্রাণী চিতা বিড়াল উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর প্রায় ১২টার দিকে শ্রীমঙ্গল টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম সংলগ্ন সড়কের পাশে আহত প্রাণীটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তার পাশে ছটফট করছিল চিতা বিড়ালটি। এ সময় প্রাণীটির অসহায় অবস্থা দেখে এগিয়ে আসেন জাহান আহমেদ ও মোহাম্মদ মিলন। তারা দ্রুত বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-কে অবহিত করেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও নীরব নাগ ঘটনাস্থলে পৌঁছে আহত চিতা বিড়ালটিকে উদ্ধার করেন। পরে তারা নিশ্চিত হন, এটি বাংলাদেশের বিরল ও মহাবিপন্ন বন্যপ্রাণীদের মধ্যে অন্যতম একটি চিতা বিড়াল।

উদ্ধারকারীরা জানান, প্রাণীটির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। তবে শুক্রবার হওয়ায় তাৎক্ষণিকভাবে বন্যপ্রাণী চিকিৎসক না পাওয়ায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে। এরপরও প্রাণীটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, চিকিৎসা শেষে চিতা বিড়ালটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, বনাঞ্চলসংলগ্ন সড়কে বেপরোয়া যান চলাচলের কারণে প্রতিনিয়ত বন্যপ্রাণী দুর্ঘটনার শিকার হচ্ছে বলে জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা। প্রকৃতিপ্রেমী তারিক হাসান বনাঞ্চল এলাকায় সচেতনভাবে যানবাহন চালানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় দায়িত্বশীল আচরণ এবং বনাঞ্চল এলাকায় সতর্কভাবে যানবাহন চালানোর বিকল্প নেই বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ