ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টেন্ডার নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের অভিযোগে বিতর্কে ডিএসসিসির প্রকৌশলী কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২১ ১৬:২৪:৩৭
টেন্ডার নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের অভিযোগে বিতর্কে ডিএসসিসির প্রকৌশলী কিবরিয়া টেন্ডার নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের অভিযোগে বিতর্কে ডিএসসিসির প্রকৌশলী কিবরিয়া
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে ঘিরে টেন্ডার নিয়ন্ত্রণ, প্রভাব বিস্তার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সুবিধা নেওয়ার নানা অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সময় মেয়র দাবি আন্দোলনের প্রেক্ষাপটে আলোচনায় আসা ইশরাক হোসেনের নাম ব্যবহার করে এবং বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে সখ্যতার কথা বলে তিনি নগর ভবনে নিজের প্রভাব বিস্তার করে চলেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একসময় আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসেবে পরিচিত এই কর্মকর্তা বর্তমানে জাতীয়তাবাদী চেতনার ধারক হিসেবে নিজেকে উপস্থাপন করছেন। নগর ভবনের বিভিন্ন টেন্ডার, বিশেষ করে মার্কেট নির্মাণ, ময়লা অপসারণ, ড্রেন পরিষ্কার, বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণসহ নানা প্রকল্পে তার নিজস্ব বলয়ের বাইরে কাউকে কাজ পেতে দেওয়া হয় না বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার দাবি করেন, ডিএসসিসির কোন টেন্ডার কে পাবে আর কে পাবে না— সে সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে এককভাবে প্রকৌশলী কিবরিয়াই নিয়ে থাকেন। অভিযোগ রয়েছে, প্রশাসনের নাম ব্যবহার করে একটি সিন্ডিকেট গড়ে তুলে তিনি প্রভাব খাটাচ্ছেন। তবে বিশ্বস্ত সূত্রের দাবি, প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এসব কর্মকাণ্ড সম্পর্কে অবগত নন এবং তার নাম ব্যবহার করেই একটি মহল সুবিধা নিচ্ছে।

এছাড়াও অভিযোগ উঠেছে, কোনো বাছাই কমিটির অনুমোদন ছাড়াই বাজার সার্কেল মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। সম্প্রতি এক সাবেক ছাত্রলীগ নেতাকে অনৈতিক লেনদেনের মাধ্যমে পদোন্নতি পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের পরিবারের ঘনিষ্ঠ পরিচয়ে দীর্ঘদিন প্রভাব ও সুবিধা ভোগ করেছেন গোলাম কিবরিয়া। অথচ রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি নিজেকে বিএনপি ঘরানার নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। কখনো মির্জা আব্বাস, কখনো মজনু, আবার কখনো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ব্যবহার করে তিনি নগর ভবনে দাপট দেখাচ্ছেন বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

আরও অভিযোগ রয়েছে, ধানমন্ডি এলাকায় সিটি কর্পোরেশনের আওতাধীন একাধিক রেস্টুরেন্ট বেনামে পরিচালনার সঙ্গেও তিনি জড়িত। এসব ঘটনায় প্রকৃত জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেও জানা গেছে।

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন প্রকৌশলী গোলাম কিবরিয়া। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি নিজেকে জাতীয়তাবাদী আদর্শের কর্মী উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছিল এবং আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি চাকরিতে ফিরে আসেন।

তিনি আরও জানান, বর্তমানে তিনি জাতীয়তাবাদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার পরও কীভাবে দীর্ঘদিন চাকরিতে বহাল ছিলেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “নগর ভবনের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীই বিএনপি-সমর্থক। সবাইকে তো বাদ দেওয়া সম্ভব নয়।”

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ