ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২১ ১১:২০:৪৭
আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটা নিয়ে দ্বন্দ্বে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে তার স্বজন ও দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিনাইরচর এলাকা অবরোধ করে কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার আত্মীয় এবং জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটা নিয়ে বিরোধের জেরে তার লোকজন ওসমান গণির ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। এ রিপোর্ট লেখা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ।

একাধিক এলাকাবাসী অভিযোগ করেন, প্রশাসনের অনুমতি না নিয়ে ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ মাটি কাটলেও কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন।

আড়াইহাজার থানার ও‌সি আলাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।







 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ