নিজস্ব প্রতিবেদক:
ধর্ষক সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার কার্যকর চায় ন্যাশনাল ওলামা এলায়েন্স। সম্প্রতি শিশু রামিসার উপর সংঘটিত পাশবিক ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ন্যাশনাল ওলামা এলায়েন্স।
সংগঠনের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদী ও সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এক যৌথ বিবৃতিতে বলেন, ইদানিং আমরা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি লক্ষ্য করছি। খুন-ধর্ষণসহ নানা অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গত কয়েকদিনে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় দেশের জণগণ গভীরভাবে উদ্বিগ্ন ও আতঙ্কিত। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের পরও অপরাধীর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করায় অপরাধীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
শিশু রামিসার সাথে ঘটে যাওয়া এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা বলেন, অবিলম্বে এই নরপিশাচ ধর্ষককে গ্রেফতার করে দ্রুত বিচার কার্যকরের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার বিচারের দীর্ঘসূত্রিতার সুযোগ নিয়ে অপরাধী আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে গেলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।
তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে অপরাধপ্রবণতা আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও ভয়াবহ আকার ধারণ করবে। জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অতিদ্রুত সরকারের কার্যকরী পদক্ষেপ দেখতে চাই।
তারা রামিসা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন।