কেন্দুয়ায় তিনদিনব্যাপী ভূমিমেলা শুরু, সচেতনতামূলক সভা ও পুরস্কার বিতরণ
কেন্দুয়ায় তিনদিনব্যাপী ভূমিমেলা শুরু, সচেতনতামূলক সভা ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় তিনদিনব্যাপী ভূমিমেলার উদ্বোধন, ভূমিসেবা বিষয়ক সচেতনতামূলক সভা এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম।
তিনি বক্তব্যে বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ ভূমিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা জামায়াতের সভাপতি সাদেকুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ফারুকী, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম প্রমুখ।
এদিকে ভূমিসেবা বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়া রুপি প্রথম, একই বিদ্যালয়ের সাবিনা আশরাফি অদ্রি দ্বিতীয় এবং জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সাইফ আল ইসলাম তৃতীয় স্থান অর্জন করেন।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স