চাঁদাবাজিতে সরকারি দলের নেতাকর্মীরা জড়িত : এমপি মিলন
নিজস্ব প্রতিবেদক
কারওয়ান বাজারে চাঁদাবাজিতে সরকারি দলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন জামায়াত নেতা ও ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
সোমবার (১৮ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭ : রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক প্ল্যাটফর্ম প্রাক বাজেট সংলাপে এই অভিযোগ করেন তিনি। সংলাপের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও সিপিডি।
সাইফুল আলম খান মিলন বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চেয়েছি। বলেছি আপনার সহযোগিতা দরকার।
অনুষ্ঠানে উপস্থিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপি নেত্রী মাহমুদা হাবীবা বলেছেন, আপনি জানেন না কে চাঁদাবাজি করে? জবাবে জামায়াতের এমপি বলেন, এটা আগেও সরকারি দল করতো। এখনো সরকারি দল করেতেছে।
চাঁদাবাজি নিয়ে ঘাঁটাঘাঁটি করলে প্রাণনাশের শঙ্কার কথা জানিয়ে সাইফুল আলম খান মিলন বলেন, আমার একজন ভাই, বড় সাংবাদিক। তিনি বলেছেন চাঁদাবাজি নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন না। আপনার জীবন যাবে। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করার পরামর্শ দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর সাহায্য চাইবো। কারওয়ান বাজার, মহাখালী, তেঁজগাওয়ের চাঁদাবাজি বন্ধ হোক, এটা আমরা চাচ্ছি।
এ সময় মাহমুদা হাবীবা বলেন, নাগরিকের জন্য একটাই পরামর্শ ‘মামলা’ করুন। জবাবে সাইফুল আলম খান মিলন বলেন, মামলা পুলিশ নিচ্ছে না।