ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশুদ্ধ পানির সংকটে রোগী স্বজনদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ১২:৪২:৩৪
বিশুদ্ধ পানির সংকটে রোগী স্বজনদের চরম ভোগান্তি বিশুদ্ধ পানির সংকটে রোগী স্বজনদের চরম ভোগান্তি
নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির সংকট চলছে দীর্ঘদিন ধরে। পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় রোগী ও স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

রোগীর স্বজনরা অভিযোগ করেছেন, হাসপাতালে স্থাপিত পানির ফিল্টারগুলোর অধিকাংশই অকার্যকর অবস্থায় পড়ে আছে। কোথাও পানি সরবরাহ নেই, আবার কোথাও ফিল্টার থাকলেও তা দীর্ঘদিন ধরে বন্ধ। ফলে বাধ্য হয়ে রোগীর স্বজনদের হাসপাতালের বাইরে গিয়ে পানি সংগ্রহ করতে হচ্ছে। কেউ পাশের মসজিদ থেকে বোতলে পানি আনছেন, আবার কেউ নগর ভবন বা আশপাশের দোকান থেকে পানি কিনে রোগীদের পান করাচ্ছেন।

সরেজমিনে হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখা যায়, রোগীদের জন্য স্থাপন করা পানির ফিল্টারগুলো ধুলাবালিতে ঢাকা পড়ে আছে। কিছু ফিল্টারের কল ভাঙা, আবার কিছুতে পানি সংযোগই নেই। অনেক রোগী ও স্বজন অভিযোগ করে বলেন, হাসপাতালের ভেতরে থাকা এসব ফিল্টার শুধু শোপিস হিসেবে পড়ে আছে, বাস্তবে কোনো কাজে আসছে না।

হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন মাহবুব উদ্দিন জানান, আমার রোগী কয়েকদিন ধরে এখানে ভর্তি। কিন্তু বিশুদ্ধ পানি পাওয়া খুব কষ্টকর। বাধ্য হয়ে বাইরে থেকে পানি এনে খাওয়াতে হচ্ছে। অসুস্থ মানুষ নিয়ে হাসপাতালে এসে যদি পানির জন্যও দৌড়াতে হয়, তাহলে সেটা খুব কষ্টের।

শিশু ওয়ার্ডে থাকা আরেক রোগীর স্বজন আসমা আক্তার বলেন, হাসপাতালে অনেক উন্নয়নের কথা শুনি। কিন্তু একটা সরকারি হাসপাতালে বিশুদ্ধ পানির মতো মৌলিক বিষয় না থাকা খুবই দুঃখজনক। ছোট বাচ্চাদের নিয়ে বাইরে গিয়ে পানি আনতে হয়।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেকেই বলেন, গরমের সময় এই সমস্যা আরো প্রকট হয়ে ওঠে। রোগীদের ঘন ঘন পানি প্রয়োজন হলেও পর্যাপ্ত বিশুদ্ধ পানি না থাকায় ভোগান্তি বাড়ছে। অনেকে বাধ্য হয়ে দোকান থেকে দামি বোতলজাত পানি কিনছেন। কিন্তু নিম্নআয়ের রোগী ও স্বজনদের জন্য এটি বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে।

হাসপাতালে বিশুদ্ধ খাবার পানির সংকট শুধু ভোগান্তির বিষয় নয়, এটি জনস্বাস্থ্যের জন্যও হুমকি। অসুস্থ রোগীদের দূষিত পানি পান করলে ডায়রিয়া, পানিবাহিত রোগ ও অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে এই ঝুঁকি আরো বেশি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান বলেন, ভিক্টোরিয়া হাসপাতালে বিশুদ্ধ পানির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কোথাও ফিল্টার অচল থাকলে দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। রোগী ও তাদের স্বজনদের যেন খাবার পানির জন্য ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ