ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে দিনদুপুরে অস্ত্রের মুখে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ১২:২৪:০৭
নবীগঞ্জে দিনদুপুরে অস্ত্রের মুখে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই নবীগঞ্জে দিনদুপুরে অস্ত্রের মুখে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
নিজস্ব প্রতিনিধিঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থানে দুই নারী শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দিনদুপুরে সংঘটিত এ দুই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে ছিনতাই, চুরি, সংঘাত ও সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

রোববার সকালে নবীগঞ্জ পৌরসভার জয়নগর এলাকা এবং উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর এলাকায় একই ধরনের কৌশলে এ দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই দিনে একই পদ্ধতিতে নারী শিক্ষিকাদের লক্ষ্য করে সংঘটিত এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের বাসিন্দা ও পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী পাল স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। জয়নগর এলাকার সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন যুবক তার পথরোধ করে। এসময় তারা পিস্তল ও দেশীয় রামদা প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে তার কানে থাকা প্রায় সাড়ে ৩ আনা ওজনের স্বর্ণের দুল এবং গলায় থাকা প্রায় ৭ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

অন্যদিকে সকাল সাড়ে ৯টার দিকে বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাকী রানী দাস রিকশাযোগে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা তিন যুবক তার রিকশার গতিরোধ করে। পরে রামদা দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে তার গলায় থাকা প্রায় ৬ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

শিক্ষিকা শিল্পী রানী পাল জানান, সড়কে কোনো যানবাহন না পেয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। এসময় তিন যুবক মোটরসাইকেলে এসে অস্ত্রের মুখে তার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ