নিজস্ব প্রতিনিধিঃ
গতকাল ট্র্যাকে শুরু হয়েছে জাতীয় অ্যাথলেটিকস। বরাবরের মতো এখানে ছিল না কোনো উৎসবের আমেজ। সারা দেশ থেকে অ্যাথলেটিকসের তেমন কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। স্বল্পসংখ্যক অ্যাথলেটদের নিয়ে ট্র্যাকে গড়িয়েছে এ আসর। বলতে গেলে, একরকম দর্শকবিহীন স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে এই ক্রীড়া প্রতিযোগিতার। জাতীয় টুর্নামেন্ট বলা হলেও সেটি শুধু নামের মধ্যেই সীমাবদ্ধ। প্রতিযোগিতার পরিসর হয়নি বড়। এ কারণে ক্রীড়া আসরটি উদ্বোধন করে হতাশার কথাই জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সমালোচনা করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ করার কথা ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ করার কথা ছিল। আমাদের বিভিন্ন বাহিনীর সবার এখানে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু আমি একটু হলেও আজকে হতাশ হয়েছি।’
প্রতিযোগিতায় উৎসবের আমেজ না থাকায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে ভবিষ্যতে এমনটা এড়ানোর পরামর্শও দিয়েছেন আমিনুল হক, ‘এই হতাশা আমি এর জন্য প্রকাশ করছি, যাতে ভবিষ্যতে এই অ্যাথলেটদের যারা দায়িত্ব গ্রহণ করবেন বা যারা দায়িত্ব আছেন, এই জাতীয় যে শব্দটি আমরা ব্যবহার করেছি। জাতীয়ভাবে যেন উৎসবের পরিবেশ থাকে এই ক্রীড়া আসরে।’