নিজস্ব প্রতিনিধিঃ
সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি ও অভিবাসী কর্মীদের অংশগ্রহণে জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)। শনিবার পেনজুরু রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ক্রীড়ার পাশাপাশি প্রবাসীদের মিলনমেলাও হয়ে ওঠে উৎসবমুখর।
বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন পরিবারবর্গ, সমাজের বিভিন্ন স্তরের সদস্য এবং অসংখ্য দর্শক। পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ ও সাংস্কৃতিক সম্প্রীতির আবহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স লুৎফুন্নাহার। এছাড়াও সিঙ্গাপুরের শ্রম মন্ত্রণালয় (এমওএম), মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সেন্টার (এমডব্লিউসি) এবং ন্যাশনাল ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের (এনটিইউসি) প্রতিনিধিরা পুরস্কার বিতরণীতে অংশ নেন।
মূল টুর্নামেন্টের পাশাপাশি বাংলাদেশ হাই কমিশন একাদশ ও এসবিএস প্রেসিডেন্ট একাদশের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত এই ম্যাচে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলেন দুই দলের সদস্যরা। দর্শকরাও খেলাটি উপভোগ করেন।