নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকায় ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আটক সানি (২০) ও সিয়াম (২১) বন্দর এলাকার বাসিন্দা।
শনিবার রাত ১১টায় কাশিপুর হাটখোলা এলাকা থেকে তাদের আটক পুলিশে সোপর্দ করা হয়।
জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। এছাড়া তারা বন্দর থানা যুবলীগের সাবেক সভাপতি ও চিহ্নিত সন্ত্রাসী খান মাসুদের সহযোগী হিসেবেও পরিচিত।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১১টায় কাশিপুর হাটখোলা এলাকায় হঠাৎ করেই কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কিছু কর্মী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ বিভিন্ন স্লোগানে মিছিল শুরু করে। এ সময় কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল, যুবদল নেতা সাব্বির আহমেদ শহীদ, ছাত্রদল নেতা রিয়াদ এবং ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিমেল, শান্ত ও জলিল মিছিলে ধাওয়া দিয়ে সানি ও সিয়ামকে আটক করে।
আটককৃতদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, কাশিপুরে মিছিল করার সময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পরে থানায় খবর দিলে আমাদের টিম গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে আসে। আমরা বন্দর থানা পুলিশের সাথে যোগাযোগ করে আটককৃতদের বিরুদ্ধে আগের কোন মামলা রয়েছে কি না- সে ব্যাপারে খোঁজ নিচ্ছি।