ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সতর্কবার্তা সত্ত্বেও নিজেদের ‘স্বাধীন’ রাষ্ট্র বলে দাবি তাইওয়ানের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ১২:০৬:৩০
ট্রাম্পের সতর্কবার্তা সত্ত্বেও নিজেদের ‘স্বাধীন’ রাষ্ট্র বলে দাবি তাইওয়ানের ট্রাম্পের সতর্কবার্তা সত্ত্বেও নিজেদের ‘স্বাধীন’ রাষ্ট্র বলে দাবি তাইওয়ানের
নিজস্ব প্রতিনিধিঃ
চীন থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার পর নিজেদের একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে পুনর্ব্যক্ত করেছে তাইওয়ান।

বেইজিংয়ে দুই দিনের শীর্ষ সম্মেলন শেষে ট্রাম্প বলেন, স্বশাসিত এই দ্বীপরাষ্ট্রটির বিষয়ে তিনি কোনো পক্ষেই কোনো প্রতিশ্রুতি দেননি।

উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে বলপ্রয়োগ করে এটি নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টিও উড়িয়ে দেয়নি।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার পর ট্রাম্প আরো জানান, তাইওয়ানের কাছে ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির একটি প্যাকেজ অনুমোদন করা হবে কি-না, সে বিষয়ে তিনি শিগগিরই সিদ্ধান্ত নেবেন।

আইনগতভাবে মার্কিন প্রশাসন তাইওয়ানকে আত্মরক্ষার উপায় সরবরাহ করতে বাধ্য। তবে এই মিত্রতা বজায় রাখার পাশাপাশি প্রায়শই চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে ওয়াশিংটনকে ভারসাম্য বজায় রাখতে হয়।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এর আগে বলেছিলেন, তাইওয়ানের আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করার কোনো প্রয়োজন নেই, কারণ তারা ইতোমধ্যে নিজেদের একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবেই দেখে।

শনিবার তাইওয়ানের রাষ্ট্রপতির কার্যালয়ের মুখপাত্র কারেন কুও বলেন, তাইওয়ান যে একটি ‘সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক দেশ’, তা ‘স্বতঃসিদ্ধ।’

তবে তিনি আরো বলেন, তাইওয়ান চীনের সঙ্গে বর্তমান স্থিতাবস্থা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে তাইওয়ান চীন থেকে স্বাধীনতা ঘোষণাও করবে না, আবার চীনের সঙ্গে একত্রিতও হবে না। অনেক তাইওয়ানবাসী নিজেদের একটি আলাদা জাতি মনে করলেও, অধিকাংশ মানুষই এই বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে।

ওয়াশিংটনের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত অবস্থান হলো, তারা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না। বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তাদের শর্ত থাকে যে, সেখানে কেবল একটিই চীনা সরকার থাকবে।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পুনর্ব্যক্ত করেন, তাইওয়ান বিষয়ে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসেনি। তবে একই সঙ্গে তিনি বেইজিংয়ের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চান না বলেও স্পষ্ট করে দেন।

ট্রাম্প বলেন, ‘আমি চাই না কেউ স্বাধীন হয়ে যাক। আপনি তো জানেন, একটি যুদ্ধ লড়তে আমাদের ৯ হাজার ৫০০ মাইল (১৫ হাজার ২৮৯ কি.মি) পথ পাড়ি দিতে হবে। আমি তা চাই না। আমি চাই তারা শান্ত হোক। আমি চাই চীন শান্ত হোক।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ