নিজস্ব প্রতিনিধিঃ
মাঠের ফুটবলে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ব্রাজিলের। তবে কোচ কার্লো আনচেলত্তির জাদুকরি কাঠির ছোঁয়ায় নিজেদের একটু একটু করে গুছিয়ে নিচ্ছে সেলেসাওরা। ২০২৬ ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। হাতে সময় খুবই কম। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। রণকৌশল ঠিক করতে কোচরা দলে দিচ্ছেন শেষবারের মতো তুলির আঁচড়। মাঠের পারফরম্যান্স দুর্দান্ত না হওয়ার প্রভাব পড়েছে ফিফা র্যাংকিয়েও। গত এপ্রিলে প্রকাশিত সবশেষ র্যাংকিংয়ে এক ধাপ নিচে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
কিন্তু একটি জায়গায় ব্রাজিল এখনো অপ্রতিরোধ্য। লাতিন আমেরিকার দেশটিকে কেউ যেন হারাতেই পারছে না। ফুটবল দুনিয়ার লিগ টুর্নামেন্টগুলোতে এখনো খেলোয়াড় রপ্তানিতে সবার ওপরে ব্রাজিল। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘সিআইইএস ফুটবল অবজারভেটরি’ বিশ্বজুড়ে ১৩৫টি পেশাদার লিগে সমীক্ষা চালিয়ে এ খবর জানিয়েছে। যেখানে ব্রাজিলের রাজত্ব অনেক দিনের।
বিশ্বের বিভিন্ন দেশের লিগ টুর্নামেন্টে এখন পর্যন্ত সব মিলিয়ে ব্রাজিলিয়ান ফুটবলার খেলছেন এক হাজার ৪৫৫ জন। গত বছরও খেলোয়াড় রপ্তানিতে শীর্ষে ছিল ব্রাজিল। আগের বছর বিশ্বের বিভিন্ন লিগ আসরে খেলেছেন ব্রাজিলের অন্তত এক হাজার ৪১৮ ফুটবলার। সে তুলনায় এ বছর ব্রাজিলের খেলোয়াড় রপ্তানি আরো বেড়েছে।