গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:\
ময়মনসিংহের গৌরীপুরে শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরের নবগঠিত কমিটির সভাপতি শ্যামল বসাক ও সাধারণ সম্পাদক রাজীব সরকার রাজু নির্বাচিত। শুক্রবার রাতে মন্দির প্রাঙ্গণে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে| কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন রনজিত সাহা। এই কমিটি আগামী ৫ বছরের জন্য নির্বাচিত করা হয়।
কমিটি ঘোষণার আগে মন্দির প্রাঙ্গণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গৌরীপুর শাখার সভাপতি রতন সরকার সভাপতিত্ব করেন।
দিলীপ সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গৌরীপুর উপজেলার আহ্বায়ক কমল সরকার, সদস্য সচিব অমল চন্দ্র দাস, সাবেক পৌর কাউন্সিলর সুজিত কুমার দাস, গোবিন্দ জিউর মন্দিরের সাবেক সভাপতি অরুণ সাহা, সাবেক সাধারণ সম্পাদক ¯^পন এস, শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী মন্দিরের সাধারণ সম্পাদক সমীরণ দেবনাথ, ময়মনসিংহ উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বিশ্বজিৎ ঘোষ ও কালীখলা মন্দিরের সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু প্রমুখ।
নবনির্বাচিত কমিটির সভাপতি শ্যামল বসাক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে সাথে নিয়ে দ্রুতই মন্দিরের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সেই সাথে সবার সহযোগিতা নিয়ে আগামীতে মন্দিরটির সার্বিক উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।