ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৬ ১৫:৫০:০৩
সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় মায়ের মৃত্যু সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় মায়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ের দেবীগঞ্জে অসুস্থ শিশু সন্তানকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এক মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার মহাসড়কের ফার্মগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তার তিন বছরের ছেলে আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


মৃত বীথি আক্তার (৩০) উপজেলার পামুলী ইউনিয়নের একতা মোড় এলাকার অটোভ্যান চালক জাহিদুল ইসলামের স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুসন্তানের কানের সমস্যার চিকিৎসার জন্য স্ত্রী ও সন্তানকে নিয়ে নীলফামারী জেলার ডোমারে গিয়েছিলেন জাহিদুল ইসলাম। রাতে চিকিৎসা শেষে অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে ঝড় বৃষ্টি শুরু হয়। ফার্মগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের তীব্র আলোয় অটোভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কের পাশে নির্মাণকাজের জন্য রাখা বালুর স্তুপে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে যায়। এতে বীথি আক্তার ও তার শিশুসন্তান সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় দ্রুতগতির ট্রাকটি বীথিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ