নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গায় মালবাহী ট্রাকের চাকা মেরামত করতে গিয়ে দ্রুতগামী বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার ভোরে ভাঙ্গা-মাওয়া মহাসড়কে এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার রুপদিয়ার বাসিন্দা ইউসুফ আলী ও তার ছেলে ইয়াকুব আলী। পিতা ইয়াকুব মালবাহী ট্রাকটের হেলপার ও তার ছেলে ইউসুফ আলী ট্রাকের চালক ছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছেন, ভোরের দিকে ঢাকা থেকে ছেড়ে বগাইল টোলপ্লাজায় আসার পর একটি মালবাহী ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এরপর চাকা মেরামতে কাজ করছিলেন বাবা-ছেলে। এসময় দ্রুতগামী একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে। বাস শনাক্তকরণ ও চালককে আটকের চেষ্টা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।