ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধান কাটতে গিয়ে বজ্রপাতে জাতীয় ছাত্রশক্তি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৫ ১৭:৩৭:১৫
ধান কাটতে গিয়ে বজ্রপাতে জাতীয় ছাত্রশক্তি নেতার মৃত্যু ধান কাটতে গিয়ে বজ্রপাতে জাতীয় ছাত্রশক্তি নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মজনু মিয়া (২২) নামে জাতীয় ছাত্রশক্তির এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের হাটমাগুড়া কামারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির মাদারগঞ্জ উপজেলা শাখার সদস্য ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের জমিতে মা মনজুরা বেগম ও ছোট ভাই রঞ্জু মিয়াকে সঙ্গে নিয়ে ধান কাটতে যান মজনু মিয়া। ধান কাটার একপর্যায়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাত তার শরীরে আঘাত হানলে তিনি গুরুতর আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করতে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসেন।

মজনু মিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, তিনি শান্ত স্বভাবের ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ধান কাটার সময় বজ্রপাতে মজনু মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ