খালিয়াজুরীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
খালিয়াজুরীতে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আসুক মিয়া (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের একটি আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৫ মর) সকালে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। হাওরাঞ্চলে ফসল কাটার মৌসুম উপলক্ষে কয়েক দিন আগে তারা গ্রামের বাড়িতে এসে এক আত্মীয়ের ঘরে অবস্থান করছিলেন।
ঘটনার দিন সকালে স্বামী হাওরে কাজে গেলে স্থানীয় এক নারী ভুক্তভোগীকে আশ্রয়ণ প্রকল্পের একটি ফাঁকা ঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন অভিযুক্ত আসুক মিয়া, যিনি উপজেলার পাঁচহাট বাজারের কলা ব্যবসায়ী বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, ঘরে প্রবেশের পর স্থানীয় ওই নারী বাইরে চলে গেলে আসুক মিয়া দরজা বন্ধ করে ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করেন এবং শারীরিক নির্যাতন চালান। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত পালিয়ে যান।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ভুক্তভোগীর নানাশ্বশুর বাদী হয়ে খালিয়াজুরী থানায় মামলা দায়ের করেন।
খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, অভিযুক্ত আসুক মিয়া ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স