ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​মদনে সরকারি খাদ্যগুদামের ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৫ ১৫:২২:২৪
​মদনে সরকারি খাদ্যগুদামের ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২ ​মদনে সরকারি খাদ্যগুদামের ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার মদন উপজেলায় সরকারি খাদ্যগুদাম থেকে অবৈধভাবে পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। এ ঘটনায় চালবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে এবং চালক ও হেল্পারকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ১০টার দিকে নেত্রকোনা-মদন সড়কের মেসার্স সাম্য ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়।

আটকরা হলেন ট্রাকচালক শামীম মিয়া (২৮) এবং তার সহকারী শাহিন মিয়া (২৫)। পরে তাদের মদন থানা হেফাজতে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে ২০ টন সরকারি চালভর্তি একটি ট্রাক বের হয়। ট্রাকে সরকারি সিলমোহরযুক্ত ৬৬৭ বস্তা চাল জেলার বারহাট্টা উপজেলার বাউসীর তালুকদার রাইস মিলে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে।

স্থানীয় লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করে উপজেলা প্রশাসনকে খবর দিলে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে চালভর্তি ট্রাকটি জব্দ করেন।
এ সময় ট্রাকচালক চাল পরিবহনের বৈধ কাগজপত্র বা সুনির্দিষ্ট তথ্য দেখাতে না পারায় ট্রাকসহ চাল থানায় নেওয়া হয়।

সরকারি খাদ্যগুদাম থেকে চাল বের হওয়ার বিষয়ে মদন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, আমি স্টেশনে নেই। চাল জব্দের বিষয়ে কিছু জানি না।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন, খবর পেয়ে ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের জন্য সহকারী কমিশনার (ভূমি) উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দিয়েছেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, জব্দ হওয়া চালভর্তি ট্রাক, চালক ও হেল্পারকে থানায় আনা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ