মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁ) প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরে একাডেমিক ভবনের অভাব, জরাজীর্ণ অবকাঠামো ও বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি ঢোকার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এমন অবস্থার মধ্যেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে গাজিরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।জানা যায়, ২০০১ সালে প্রতিষ্ঠিত এ কলেজটিতে বর্তমানে অধ্যক্ষসহ মোট ৮ জন শিক্ষক কর্মরত রয়েছেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৪ জন কর্মচারী দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১৭৩ জন।সরেজমিনে দেখা গেছে, কলেজটির অবকাঠামো অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ে। টিনশেড ও জরাজীর্ণ কক্ষগুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে নিয়মিত। ফলে শিক্ষার্থীদের পাঠ গ্রহণে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি শিক্ষকদেরও নানা প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে।
একাদশ শ্রেণীর শিক্ষার্থী আবু রায়হান জানান, বৃষ্টির দিনে অনেক সময় শ্রেণিকক্ষে বসে ক্লাস করা সম্ভব হয় না। মেঝেতে পানি জমে থাকায় পাঠদান ব্যাহত হয়। এতে লেখাপড়ার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বাদশ শ্রেণীর রুবিনা আকতার বলেন,সামান্য মেঘ দেখলেই আমরা বিদ্যালয় যাওয়া বন্ধ করে দেই, কারণ বৃষ্ঠি হলে ক্লাস করা সম্ভব হয়না ।
ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বাদশা আলম বলেন, প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম টিকিয়ে রাখতে দ্রুত একটি আধুনিক একাডেমিক ভবন নির্মাণ জরুরি। অন্যথায় শিক্ষার মান ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
এ প্রসঙ্গে অধ্যক্ষ সবিরুল ইসলাম বলেন, একাডেমিক ভবনের অভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। অবকাঠামোগত সংকট নিরসনে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী জিল্লুর রহমান মুঠোফোনে বলেন, কলেজ কতৃপক্ষ অবকাঠামো উন্নয়নের জন্য একটি আবেদন করুক, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।