ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন শহীদ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৪ ১২:০৫:২২
রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন শহীদ আফ্রিদি রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন শহীদ আফ্রিদি
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তান ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ও সফল অলরাউন্ডার শহীদ আফ্রিদি এবার পেলেন দেশের অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘হিলাল-ই-ইমতিয়াজ’। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার এবং পাকিস্তান ক্রিকেটে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই বেসামরিক পদকে ভূষিত করা হয়েছে।

এর মাধ্যমে পাকিস্তানের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মান অর্জন করলেন আফ্রিদি। এর আগে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান, কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের মতো তারকারাও পেয়েছিলেন এই সম্মাননা।

একই অনুষ্ঠানে পাকিস্তানের প্রথম টেস্ট অধিনায়ক আব্দুল হাফিজ কারদারকে মরণোত্তর ‘হিলাল-ই-ইমতিয়াজ’ প্রদান করা হয়েছে। পাকিস্তান ক্রিকেটের ভিত্তি গড়ে তোলার অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচিত কারদার আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছিলেন ২৬টি টেস্ট ম্যাচ।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি রাজধানীর আইওয়ান-ই-সদরে আফ্রিদির হাতে এই সম্মাননা তুলে দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক প্রতিক্রিয়ায় আফ্রিদি জানান, এই অর্জন শুধু তার ব্যক্তিগত নয়, পুরো পাকিস্তান জাতির জন্যই গর্বের।

২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল আফ্রিদির। এছাড়া কাউন্টি ক্রিকেট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিজের ছাপ রেখেছেন তিনি। ৪৬ বছর বয়সী এই সাবেক অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন ৫২৪টি ম্যাচ।

ওয়ানডে ক্যারিয়ারে তার সংগ্রহ ৮ হাজার ৬৪ রান ও ৩৯৫ উইকেট। পাশাপাশি টি-টোয়েন্টিতে করেছেন ১ হাজার ৪১৬ রান এবং নিয়েছেন ৯৮ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে পিএসএল, বিপিএল, সিপিএল, বিগ ব্যাশসহ বিশ্বের বিভিন্ন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগেও দাপটের সঙ্গে খেলেছেন ‘বুম বুম’ আফ্রিদি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ