ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকের মারধরে আহত পঞ্চম শ্রেণির ছাত্র, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৩ ১৯:১২:৪৪
শিক্ষকের মারধরে আহত পঞ্চম শ্রেণির ছাত্র, থানায় অভিযোগ শিক্ষকের মারধরে আহত পঞ্চম শ্রেণির ছাত্র, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে।

 এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মুগ্ধ তালুকদারকে (১১) শ্রেণিকক্ষে মারধরের একপর্যায়ে বরফ জমাট পানির বোতল দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে সে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মুগ্ধ তালুকদার মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের হানিফ তালুকদারের ছেলে। তার বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় থাকায় সে নানার বাড়িতে থেকে স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করছে।

ভুক্তভোগী ছাত্রের মামা মারুফ খান মঙ্গলবার বিকেলে খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।

অভিযোগে বলা হয়, সোমবার দুপুরে শ্রেণিকক্ষে বেঞ্চে কলমের কালি লাগানোকে কেন্দ্র করে সহকারী শিক্ষক কাউসার আহমেদ ক্ষিপ্ত হয়ে মুগ্ধকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে হাতে থাকা বরফ জমাট পানির বোতল দিয়ে মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে অন্য শিক্ষকরা পানি ঢেলে তার জ্ঞান ফেরান।

এ ঘটনায় পরিবারের সদস্যদের জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

পরবর্তীতে অসুস্থ অবস্থায় মুগ্ধকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মুগ্ধর খালা মুক্তা খান জানান, বাড়িতে ফেরার পর রাতজুড়ে কয়েকবার সে জ্ঞান হারায়, বমি করে এবং কান দিয়ে রক্ত বের হয়। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে মঙ্গলবার সকালে পুনরায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদ বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিমেল কদর বলেন, অভিযোগের বিষয়ে তদন্তের জন্য একজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খালিয়াজুরী থানার ওসি নাসির উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ