ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরের যুবকের গুলিবিদ্ধ লাশ বাঞ্ছারামপুর থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১২ ১১:০২:৪৫
নবীনগরের যুবকের গুলিবিদ্ধ লাশ বাঞ্ছারামপুর থেকে উদ্ধার নবীনগরের যুবকের গুলিবিদ্ধ লাশ বাঞ্ছারামপুর থেকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
বাসা থেকে বের হওয়ার দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রিমন মিয়া (২৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি-উলুকান্দি এলাকার কলেজ রোডের পাশ থেকে সোমবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। নিহত রিমন নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের ফোরকান মিয়ার ছেলে।
 
জানাযায়, সোমবার বিকেলে মরিচাকান্দি-উলুকান্দি সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহত রিমনের বাবা ফোরকান মিয়া আমার দেশকে বলেন, আমার ছেলে নরসিংদীতে তার স্ত্রীকে নিয়ে

ভাড়া বাসায় থেকে রংয়ের কাজ করত। কে বা কারা, কী কারণে নৃশংসভাবে হত্যা করেছে, কিছুই বুঝতে পারছি না। তার ব্যবহার করা মোবাইল ফোনটি পাওয়া গেছে। তিনি আরও বলেন, আজ দুপুর দুইটা তিনটার দিকে ময়নাতদন্ত শেষে লাশ আসবে, জানাজা শেষে থোল্লাকান্দি গ্রামের কবরস্থানে দাফন করা হবে।

রিমনের স্ত্রী সুমী আক্তার জানান, গত রোববার সকাল ১১টার দিকে রিমন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। বাসা থেকে বের হওয়ার আগমুহূর্তে রিমনের মোবাইলে একটি ফোনকল আসে। জরুরি কাজ আছে বলে তিনি বেরিয়ে যান। যাওয়ার আগে বলে গেছেন বিকেলের মধ্যে ফিরবেন। কিন্তু এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। সোমবার বিকেলে তার মৃত্যুর খবর পাই ।

বাঞ্ছারামপুর মডেল থানার (ওসি) মো. ইয়াছিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হচ্ছে। এর পেছনে সুনির্দিষ্ট কী কারণ রয়েছে এবং কারা জড়িত তা খুঁজে বের করতে পুলিশ মাঠে কাজ করছে। হত্যাকাণ্ডের জড়িত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ