আটপাড়ায় নিখোঁজের একদিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ
আটপাড়ায় নিখোঁজের একদিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার আটপাড়া উপজেলায় নিখোঁজের একদিন পর অন্তর মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) বিকালের দিকে উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অন্তর উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত থেকে অন্তর নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার দুপুরে টেংগা গ্রামের নিয়ত বিশ্বাসের বাড়ির পেছনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহটি অন্তরের বলে শনাক্ত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ভাই ফেরদৌস মিয়া জানান, অন্তর প্রায়ই বাড়ি থেকে বিভিন্ন স্থানে চলে যেত এবং কয়েকদিন পর আবার বাড়িতে ফিরত। রোববার দিবাগত রাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মোবাইলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন তারা।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স