মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বন্দুকের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিরা সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়ার কাজে জড়িত ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন,কসবা উপজেলার ধজানগর গ্রামের মো. হেবজু মিয়ার ছেলে মো. মুরসালিন (২০) এবং একই উপজেলার মধুপুর গ্রামের মৃত মকরম আলীর ছেলে নবীর হোসেন (৫৫)।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (০৮ মে) রাত আনুমানিক ১১টার দিকে কসবা উপজেলার ধজনগর-পাথারিয়াদ্বার সীমান্ত এলাকা দিয়ে ১০-১৫ জনের একটি দল ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশের পর তারা বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল দলের সামনে পড়ে।
অভিযোগ রয়েছে, বিএসএফ সদস্যরা বাধা দিলে চোরাকারবারিরা তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে বিএসএফ ও চোরাকারবারিদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে বিএসএফ সদস্য দুই রাউন্ড ছররা গুলি ছোড়েন। এতে মুরসালিন ও নবীর হোসেন গুরুতর আহত হন। পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে বিএসএফ নিশ্চিত করেছে।
৬০ বিজিবি (সুলতানপুর ব্যাটালিয়ন) জানায়, নিহত দুজনই আগে থেকে চোরাচালান কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
৬০ বিজিবির অধিনায়ক জানিয়েছে নিহতদের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফ কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। মরদেহ ফেরত ও বিস্তারিত আলোচনার জন্য পতাকা বৈঠক (ফ্ল্যাগ মিটিং) আয়োজনের প্রক্রিয়া চলছে।
বর্তমানে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।