মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের দেউষ গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) সুজন কুমার আচার্য্য রাত্রীকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দেউষ গ্রামের নায়েব আলী সর্দার বাড়িতে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলা হচ্ছে। পরে রাত পৌনে ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেউষ গ্রামের মো. হারিজ (৪১), শিদলাই গ্রামের মো. মেহেদী হাসান ওরফে নিরব (৩২) এবং মো. মহিউদ্দিন সরকার ওরফে পিয়াস (৩২)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইটের তথ্য পাওয়া গেছে। জব্দ করা মোবাইলগুলোতে KU9, Jaya9, TK999, OlympCasino ও 1xCasinoসহ একাধিক জুয়ার অ্যাপস এবং অনলাইন বেটিং লিংক পাওয়া যায়।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার তাঁদের আদালতে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।